উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সোমবার (৯ নভেম্বর) রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শহরের জেলা স্কুল, মহিলা কলেজ, পাসপোর্ট অফিস ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ মঙ্গলবার সকালে জানিয়েছেন, নাশকতার অভিযোগে ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫টি ককটেল উদ্ধার ও ৭টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা করা হলেও পুলিশ দ্রুত তা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একটি পুলিশ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া মুকসুদপুর ও কোটালীপাড়ার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং কাশিয়ানির কালনা ব্রিজে আগুন দিয়ে বিক্ষোভ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, কালীপূজা চলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং পুলিশ যেকোনো নাশকতা মোকাবিলায় প্রস্তুত আছে বলে জানানো হয়েছে।