উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সামনে আটটি পিস্তল সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিপক্ষকে হুমকি দেওয়ার ঘটনায় মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’-কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার নোয়াখালীর কবিরহাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভাইরাল হওয়া ২১ সেকেন্ডের ওই ভিডিওতে হৃদয়কে বলতে শোনা যায়, ‘টাকা দিয়ে মরণের টিকিট কিনেছি, সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’। চট্টগ্রামের রাউজান উপজেলার কিশোর গ্যাং নেতা হৃদয়ের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে হৃদয় দাবি করেছেন, ভিডিওতে দেখা যাওয়া অস্ত্রগুলো তাঁর নিজের নয়, বরং রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। এর আগে ৩০ অক্টোবর র্যাবের অভিযানে কামাল বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন।
হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাঁর সহযোগী এবং অস্ত্রের উৎসের সন্ধানে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়ভাবে অপরাধী চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে।