উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের এক নেতা। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের ওয়েস্টিন হোটেলের সামনে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন সাব্বির হোসেন, ফারহান আহম্মেদ ও সজিবুর রহমান। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম জানান, রাতে বাসায় ফেরার পথে তিনি স্লোগান শুনতে পেয়ে গাড়ি থামান। এ সময় চারজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজনকে গুলশান থানায় নিয়ে যায়। আটককৃতরা মদ্যপ অবস্থায় না বুঝে এমন স্লোগান দিয়েছেন বলে দাবি করেছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আটক তিনজনকে থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তবে কী অভিযোগে মামলাটি করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।