উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে ক্রয়কৃত ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় ভবনটি ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো: মোফাজ্জেল ও উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আদালতের এই রায়কে ব্যাংকের সম্পদ ও স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। কাজ শেষ হলে সেখানে ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম স্থানান্তর করা হবে, যা দীর্ঘমেয়াদে আর্থিক সাশ্রয় ঘটাবে।
উল্লেখ্য, ২০১০ সালে বিজনেস রিসোর্সেস লিমিটেডের সাথে ভবন ক্রয়ের চুক্তি করেছিল বেসিক ব্যাংক। নির্ধারিত সময়ে ভবন হস্তান্তর না করায় ব্যাংক আইনি লড়াইয়ের পথ বেছে নেয়, যার চূড়ান্ত রায়ে অবশেষে নিজস্ব সম্পদের অধিকার ফিরে পেল প্রতিষ্ঠানটি।