উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর মাসজুড়ে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইজিপি আলী হোসেন ফকির সব জেলার পুলিশ সুপার ও কমিশনারদের নিয়ে বৈঠক করেছেন। তিনি নিরীহ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে 'কোয়ালিটি অ্যারেস্ট' নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন সামনে রেখে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে এসব কর্মকাণ্ডে বিচলিত না হয়ে সরকার আইনি পথে কঠোর ব্যবস্থা নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং বাড়ানো হয়েছে এবং জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি পাশের দেশের মদদে ও এজেন্টদের ব্যবহার করে নাশকতা চালাচ্ছে। এর প্রতিবাদে বিএনপি ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি পালন করবে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নাশকতার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন।