উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: রিয়াজ শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মো. উসমান মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা। তাদের বাড়ি নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে উসমান মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। উত্তরমুখী দরজা ও চৌচালা টিনের ওই ঘরের ভেতরে কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরীর বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী হয়ে নকলা থানায় মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত উসমান মিয়াকে আটক করে পুলিশ।
কিশোরীর বাবা জানান, তাঁর মেয়ের বয়স ১৩ বছর এবং বর্তমানে সে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।