উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার সকালে সিলেটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ পালিত হয়েছে। নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক। তিনি বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আইডিইবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রশাসক আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সংগঠনটির অবদান প্রশংসনীয়। দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষ প্রকৌশলী তৈরি করতে পারলে দেশের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি। আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে বের হওয়া র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আইডিইবি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। র্যালি ও সমাবেশে আইডিইবি’র জেলা নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।