উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ ১৭ বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর উপযোগী করে তোলার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্টেডিয়ামের ড্রইং ও ডিজাইনের জন্য কনসালটেন্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে এবং আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে মাঠ পর্যায়ে দৃশ্যমান কাজ শুরু হবে।
সোমবার বিসিবির একটি পরিদর্শন দল স্টেডিয়ামটি সরেজমিনে পর্যবেক্ষণ করেছে। বিসিবি পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী জানান, আইসিসির গাইডলাইন অনুসরণ করে স্টেডিয়ামটিকে নতুনভাবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। পুরো স্থাপনা না ভেঙে দ্রুত কাজ শেষ করতে এখানে ‘হাইব্রিড মডেল’ অনুসরণ করা হবে।
জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির যৌথ অর্থায়নে এই সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। কনসালটেন্টদের তৈরি করা বিল অব কোয়ান্টিটি (বিওকিউ) পাওয়ার পর প্রকল্পের মোট বাজেট সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিতভাবে এই আধুনিকায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।