উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কাফরুলে অবস্থিত মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে বড় ধরনের কারচুপির প্রমাণ পেয়েছে বিএসটিআই। মঙ্গলবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, পাম্পটিতে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেল সরবরাহের বিপরীতে ২২০ থেকে ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়া হচ্ছিল।
বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম কাফরুলের বেগম রোকেয়া সরণির এই পাম্পটিতে অকটেন ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিটের নজল পরীক্ষা করে এই অনিয়ম ধরা পড়ে। অপরাধের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা প্রদান করে। বিএসটিআই জানিয়েছে, ভোক্তাস্বার্থ রক্ষায় জ্বালানি তেল পরিমাপে কারচুপি রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।