উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার কঠোর সমালোচনা করেছে বিরোধী দল। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের ভূমিকার সমালোচনা করে বক্তব্য দেন। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে বলে তারা মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে, তার কোনো সুযোগ নাই। তিনি উল্লেখ করেন যে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কার্যক্রম চলছে এবং পার্বত্য এলাকায় সন্ত্রাসী দমন করতে গিয়ে সম্প্রতি একজন সেনাসদস্য জীবন হারিয়েছেন। সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি জানান।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে বলেন, দেশে দুদিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতা চলছে এবং পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে ও জনমানুষের মারা যাওয়ার খবর শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।