উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৮নং নোয়াগাঁও ইউনিয়নের ৯ ও ৫ নম্বর ওয়ার্ডে মাদকের ভয়াবহতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আহমেদ।
এছাড়া সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আহসানুল করিম ঠাকুর রিপন, মিছু ঠাকুর, গনি মাস্টার, হাবু মিয়া, গিয়াসউদ্দিন বাবলু, তজু মিয়া, লিয়াকত মিয়া মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তরুণ ও যুবসমাজ মাদকের সংস্পর্শে এসে বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে তারা মন্তব্য করেন।
মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়। এলাকার কোথাও মাদকসংক্রান্ত অপরাধের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের হাত থেকে দূরে রাখার বিষয়েও আলোচনা করা হয়।
স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় একটি মাদকমুক্ত নোয়াগাঁও ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা মনে করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদার করা গেলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একটি নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার বলে তারা মত প্রকাশ করেন।