উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার (১০ নভেম্বর) কালিয়াকৈর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ফাইজুল ইসলাম দেলোয়ার। লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর বাবা ও ফুফুর মধ্যে সম্পাদিত আপস বণ্টননামা অনুযায়ী ডাকুরাইল ও বড়ইবাড়ী মৌজার জমি ভাগাভাগি করা হয়। পরবর্তী সময়ে তাঁরা নিজ নিজ অংশের জমি উত্তরসূরিদের নামে হেবা দলিল করে দেন। ফাইজুল ইসলাম দেলোয়ারের অভিযোগ, তাঁর ফুফাতো বোনের ছেলে মোস্তফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বণ্টননামার শর্ত অস্বীকার করে ডাকুরাইল মৌজার জমি জবরদখল করেন। এ নিয়ে গাজীপুরের জজ আদালতে মামলা দায়ের করলে আদালত তাঁর পক্ষে রায় দেন। পরবর্তী সময়ে আপিলেও সেই রায় বহাল থাকে। এরপরও আদালতের রায় উপেক্ষা করে প্রতিপক্ষ জমিটি দখলে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ অক্টোবর নিজের জমিতে ঘর সংস্কারের কাজ করতে গেলে মোস্তফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন। শুধু তাই নয়, তাঁকে হয়রানি করতে কালিয়াকৈর থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে ফাইজুল ইসলাম দেলোয়ার বলেন, নিজের বৈধ সম্পত্তিতে শান্তিতে বসবাস ও ভোগদখল করার অধিকার সবার রয়েছে। আদালতের রায় পাওয়ার পরও যদি জমি ফিরে না পাওয়া যায় এবং উল্টো মামলার হয়রানির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কোথায়? এ সময় তিনি জমির জবরদখল বন্ধ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে সুলতান সিকদার, সিফাত আহমেদ, শামীম দেওয়ান, আজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।