উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নেছারাবাদে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার এলাকা থেকে সুদর্শন মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি। তিনি বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, সুদর্শন মন্ডল রাজনীতির পাশাপাশি স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং চাকরির আড়ালে মানুষকে হয়রানি করতেন। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা এই নেতা সম্প্রতি এলাকায় ফিরে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে তারা দাবি করেন।
তবে সুদর্শনের ভাই সুব্রত মন্ডল এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার ভাষ্যমতে, রাজনৈতিক বিরোধের জেরে সুদর্শনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গ্রেপ্তার সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা বিপদ রঞ্জন মন্ডলের ছেলে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।