উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুমতি পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে সন্ধ্যায় ফার্মগেটে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সিএমএম আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই দিনে রাজধানীতে অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং তিনটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গত তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুধু রাজধানীতেই নয়, ঢাকার বাইরে সাভার, বরগুনা ও গাজীপুরেও পাঁচটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যবর্তী সময়ে এসব নাশকতা চালানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা বৃদ্ধি করেছে।