উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিপিবির আলোচনা সভায় বক্তারা বলেছেন, পুঁজিবাদী শোষণ ও সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে মহান অক্টোবর বিপ্লব আজও মেহনতি মানুষের মুক্তির অনন্য প্রেরণা। তবে বিপ্লবের ১০৯ বছর পরও পৃথিবী থেকে শোষণ ও বৈষম্য দূর হয়নি, বরং পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় সম্পদ মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে।
সোমবার বিকেলে ঢাকার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও অস্ত্রের প্রতিযোগিতা বিশ্বশান্তি বিপন্ন করছে উল্লেখ করে নেতারা বলেন, একদিকে প্রযুক্তিগত অগ্রগতি এবং অন্যদিকে ক্ষুধা ও দারিদ্র্যের বৈপরীত্য পুঁজিবাদী সংকট স্পষ্ট করছে।
সিপিবি নেতারা আরও বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যাশা প্রকাশ পেয়েছিল, তা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। অর্থনীতির ওপর লুটেরা পুঁজি ও দুর্নীতির চাপ বাড়ছে, তাই উৎপাদনশীল খাত শক্তিশালী করা এবং মৌলিক সেবাকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাগিব আহসান, অধ্যাপক এম এম আকাশ, অনিরুদ্ধ দাশ অঞ্জন ও কল্লোল বণিক। সভায় কমিউনিস্ট ও বাম প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।