উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. মেহেদী হাসানের উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোডাউন, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক, হাটবাজার ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ করেন তিনি। এ সময় নির্বাচিত হলে ঝালুকা ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এই প্রার্থী।
শোডাউনটি দুর্গাপুর উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় পৌঁছালে সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন মেহেদী হাসান। পরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের পারিলা বাজার, আমগাছি বাজার ও ওয়াজের মোড়সহ বিভিন্ন ওয়ার্ডের হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন তিনি।
পথসভায় চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এবং তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে জনসেবা করতে চান তিনি। রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের সততা, আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সর্বপ্রথম ঝালুকা ইউনিয়নকে মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে এবং মাদক ব্যবসা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। তরুণদের বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো হবে এবং কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলার শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি আদর্শ থেকে সরে দাঁড়াননি।
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মেহেদী হাসান বলেন, ঝালুকা ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন তাঁর অন্যতম অগ্রাধিকার হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন এবং কৃষক, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।