উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৪নং কালিকচ্ছ ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মাদকের ভয়াবহতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তরুণ ও যুবসমাজ মাদকের সংস্পর্শে এসে বিপথগামী হওয়ার ঝুঁকিতে থাকায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। মাদক নির্মূলে পুলিশ ছাড়াও জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়।
এলাকায় মাদকের কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পাশাপাশি অভিভাবকদের সন্তানদের চলাফেরা নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার বিষয়ে আলোচনা করা হয়। সকলের সম্মিলিত উদ্যোগে একটি মাদকমুক্ত কালিকচ্ছ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় এই সভায়।