উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে—১ হাজার ৭৭ জন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে। একই সঙ্গে চলতি বছরের শুরু থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ১৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।