উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বনশ্রী এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বনশ্রীর জি-ব্লক এলাকায় দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যদিকে রাজধানীর রূপনগর এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে আশরাফুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, আশরাফুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খুদে বার্তায় জানানো হয়, গতকাল রোববার রাতে রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে আশরাফুলকে হাতেনাতে ধরা হয় এবং তাঁর কাছে ককটেল পাওয়া যায়। মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা ছাড়াও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের আরেক নেতা মো. বিপ্লব খান (৩৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার ঘটনাটি ঘটে ৫ নভেম্বর এবং এ ঘটনায় থানা-পুলিশ চারজনকে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। গত শনিবার রাত ১০টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ ঘণ্টার মধ্যে রাজধানীর মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ও পল্লবী থানার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আট-নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঢাকায় ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার পেছনে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য দেখছে ঢাকা মহানগর পুলিশ।