উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রীড়া হলে পেশা-পরিবার পাবে ভরসা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে 'নতুন কুঁড়ি স্পোর্টস' সিজন-২। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ৩টায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে একযোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ পলাশ উদ্দিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল আনন্দঘন হয়ে ওঠে। তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার এই উদ্যোগ তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।