উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনায় সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হয়েছে। নগরীর শহীদ হাদিস পার্কে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন।
প্রদর্শনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন, মহান মুক্তিযুদ্ধ এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের বিরল ছবি ও প্রামাণ্যচিত্র স্থান পেয়েছে। উদ্বোধনী বক্তব্যে শফিকুল আলম তুহিন বলেন, এ দেশের মানুষের মূল রাজনৈতিক দর্শন হলো প্রকৃত গণতন্ত্র, যেখানে মানুষ নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দৃঢ়তার সঙ্গে জানান, কোনো ষড়যন্ত্রই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে বলে তারা উল্লেখ করেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতি।