উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এবং পিকেএসএফ-এর ‘সোপান’ কর্মসূচির আওতায় ১০১টি সহযোগী সংস্থার অনুকূলে ২,৫০০ কোটি টাকা ঋণের অর্থ ছাড় করা হয়েছে। এর মধ্যে মাঠ পর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে ১,৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার ৮৭ শতাংশই নারী। গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে পিকেএসএফ প্রথম ধাপে ১,২৫০ কোটি টাকা পেয়েছিল। দেশের ৬৪টি জেলায় চারটি উপখাতে এই ঋণ বিতরণ করা হচ্ছে।
উপখাতগুলো হলো প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন। গ্রামীণ জনগোষ্ঠীর মধ্য থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারী ও তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংক পিকেএসএফ-এর অনুকূলে বিশেষ তহবিল হিসেবে ৫,০০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। ইতোমধ্যে তিন ধাপে ৩,৭৫০ কোটি টাকা পাওয়া গেছে এবং অবশিষ্ট অর্থ আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে।
সমুদয় অর্থ উদ্যোক্তা পর্যায়ে জানুয়ারি ২০২৭-এর মধ্যে মাঠ পর্যায়ে বিতরণ করা হবে। ঋণ বিতরণের গুণগত মান ও নিবিড় তদারকি নিশ্চিত করতে উন্নত ডিজিটাল সিস্টেমের মাধ্যমে দৈনিক ভিত্তিতে তথ্য সংগ্রহ ও মনিটরিং করা হচ্ছে।