উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে কমবেশি এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এবার সাড়ে চার হাজার ইউপি নির্বাচন পাঁচ ধাপে করার সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, আবহাওয়া ও উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে ধাপে ধাপে তালিকা চূড়ান্ত করা হচ্ছে। সাড়ে চার হাজার ইউপির বেশির ভাগেই নির্বাচন প্রথম দুই ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ঘোষিত সূচি অনুযায়ী প্রথম ধাপ ২১ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি ভোট হবে।
তিনি আরও জানান, ইসি আসন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার করবে না এবং এগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ছয় বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। ভোটার নিবন্ধনে পারিবারিক তথ্য যুক্ত করার কাজও চলমান রয়েছে।
জাতীয় পরিচয়পত্রের মেয়াদ সম্পর্কে জ্যেষ্ঠ সচিব স্পষ্ট করেন যে কোনো কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়নি এবং আগের লেমিনেটেড কার্ড এখনো বৈধ। সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এই মুহূর্তে ইসির কোনো পর্যালোচনা নেই বলে তিনি উল্লেখ করেন। কমিশন এখন শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কাজ করছে।