উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। গত ৬ ও ৭ নভেম্বর দুর্বৃত্তরা ঢাকা ও আন্তজেলা রুটের মোট ছয়টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে।
এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে একটি চিঠি পাঠিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। পুলিশ সদর দপ্তরে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, দুষ্কৃতকারীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে পরিবহননেতাদের সঙ্গে একটি বৈঠক করবে পুলিশ।
এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার পেছনে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
আজ রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেন, ওই গ্রুপটি নাশকতার উদ্দেশ্যে ও জনমনে আতঙ্ক তৈরি করতে এসব কাজ করছে।
তিনি আরও জানান, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছেন।