উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ১০ ধরনের ভোগ্যপণ্য আমদানিতে ক্যাশ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার কথা বলা হয়েছে।
ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই মার্জিন নির্ধারণ করতে হবে যাতে ব্যবসায়ীরা কম অর্থে আমদানি কার্যক্রম চালাতে পারেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।