উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১৯৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত অপকর্মগুলোর বিচার নিশ্চিত না করেই জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান: বর্তমানের প্রেক্ষাপটে ফিরে দেখা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পুনর্বাসনের আলোচনার আগে দলটির বিরুদ্ধে ওঠা অপরাধের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে হাসনাত বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার শেষে কারা অপরাধী, কারা অপরাধী নন, তা নির্ধারণ করবে আদালত ও বিচারব্যবস্থা। এরপর আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে সিদ্ধান্ত আসবে। ৭ নভেম্বরকে বিএনপি বিপ্লব হিসেবে উদ্যাপন করলেও চব্বিশের গণ-অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দলটির মধ্যে দ্বিচারিতা দেখা যাচ্ছে বলেও সভায় মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক সুবিধা বিবেচনা করে বিএনপি ইতিহাসের ঘটনাগুলোকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে বলে অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ৭ নভেম্বরের ঘটনাকে বিএনপি বিপ্লব হিসেবে বর্ণনা করে এবং তাদের ভাষ্য অনুযায়ী ওই দিন সৈনিকদের অংশগ্রহণ ও সাধারণ মানুষের সমর্থনে জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করা হয়েছিল। এত বিস্তৃত জনসম্পৃক্ততা ও অর্জন থাকার পরও বিএনপি কখনো চব্বিশের গণ-অভ্যুত্থানকে গণ-অভ্যুত্থান, এমনকি বিপ্লব হিসেবেও স্বীকৃতি দিতে চায় না।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দলটির শাসনামলের অপরাধের জবাবদিহি নিশ্চিত না করায় সেই উদ্যোগ আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনে পরিণত হয়েছিল। বিএনপিকে এই একই ভুল দ্বিতীয়বার না করার আহ্বান জানান তিনি। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত সভা সঞ্চালনা করেন এবং এতে আরও কয়েকজন নেতা বক্তব্য দেন।