উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বিশ্বাসযোগ্য তথ্যের প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেছেন, রাজনৈতিক গণতান্ত্রিকীকরণের পাশাপাশি অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণও জরুরি। তিনি বলেন, আমরা হয়তো একটা নির্দিষ্ট মাত্রায় রাজনৈতিক গণতন্ত্রায়ন অর্জন করতে পারি, কিন্তু অর্থনৈতিক গণতন্ত্রায়ন ছাড়া রাজনৈতিক গণতন্ত্র কার্যকরভাবে চলতে পারে না। সেজন্যই বিবিএসকে ক্ষমতায়ন করা এবং এটিকে আরও গণতান্ত্রিক করা অত্যাবশ্যক।
জাতীয় পরিসংখ্যান সংস্থার দেওয়া তথ্যের ওপর জনগণের আস্থা প্রতিষ্ঠায় সরকারি পরিসংখ্যানকে আরও জনমুখী, পরিমাপযোগ্য, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার। রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্যে তথ্য বিকৃত বা হেরফের করার যেকোনো প্রচেষ্টার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কোনো সরকার যদি তথ্য-উপাত্তে কারসাজি করে, তাহলে মূলত তারা নিজেদেরই প্রতারিত করে। তারা এমন কিছু বিশ্বাস করাতে চায়, যা প্রকৃতপক্ষে সত্য নয়।
অতীতের পরিসংখ্যান পর্যালোচনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আমীর খসরু বলেন, তথ্যের অসংগতি চিহ্নিত করতে এবং অন্তর্নিহিত সমস্যাগুলো বুঝতে সরকার অতীত তথ্যের ফরেনসিক পরীক্ষা শুরু করেছে। তিনি বলেন, সমাধান খুঁজতে হলে আমাদের রোগের গভীরে যেতে হবে। কোথায় সমস্যা রয়েছে তা না বুঝলে আমরা সংশোধনের পথ শুরু করতে পারি না। তবে এই পর্যালোচনা কেবল আগের সরকারের ত্রুটি চিহ্নিত করার অনুশীলন হিসেবে দেখা উচিত নয়।
ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ তারিখে বাসস পরিবেশিত খবরে বলা হয়, রাজধানীর বিবিএস মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান : টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।