উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিবসটি উপলক্ষে শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উঠে আসে সমবায়ের শক্তিতে অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইসরাক আহমদ সিদ্দিকী, গাজীপুর জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর জেলা সুপার পিপিএল (বার) মোঃ জসীম উদ্দিন এবং গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা। গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বক্তারা বলেন, সমবায় শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের সম্মিলিত শক্তি, আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক মুক্তির পথ। সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও সম্প্রসারণ এবং সমবায়ীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের শক্তিতে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে দিবসটির আয়োজন তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।