উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়া ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিযোগীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আজকের এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যে সময় ব্যয় করে তাদের মেধার প্রয়োগ ঘিয়েছে, তা আরও শাণিত হবে। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহগুলো তাদের মননে স্থান নেবে এবং ভবিষ্যৎ প্রজন্ম নির্মাণে তারা ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাঁদের সম্মানিত অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি এবং একটি সফল অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রতিও অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। উল্লেখ্য, অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।