উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম। এছাড়া সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক ও নাদির আহমদ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাকশালমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দুর্ভিক্ষ ও নানা সংকটের মুহূর্তে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী চেতনায় এগিয়ে নিয়েছিলেন এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছিলেন।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর ইমরান হোসেন চৌধুরী। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।