উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে স্থপতি রফিক আজমের একক প্রদর্শনী ‘থ্রেশহোল্ড: আর্ট অ্যান্ড আর্কিটেকচার’। গত শুক্রবার কামরুল হাসান প্রদর্শনকক্ষে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস ও স্থপতি জালাল আহমেদ।
প্রদর্শনীতে জলরঙের মায়াবী কাজ, কালি-কলমে আঁকা রেখাচিত্র এবং আধুনিক স্থাপত্যের মডেল ও আলোকচিত্র স্থান পেয়েছে। পুরান ঢাকার লালবাগে জন্ম নেওয়া রফিক আজমের ছবিতে উঠে এসেছে নগরায়ণ, প্রাচীন দালান, রিকশা ও নদীতীরের নৌকার সারি।
প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী মাহ্বুবুর রহমান ও তাইয়্যেবা বেগম লিপি। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে রফিক আজমের কাজ ও দর্শন নিয়ে ইতালির স্কিরা ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘আর্কিটেকচার ফর গ্রিন লিভিং’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য, রফিক আজম তাঁর স্থাপত্যকর্মের জন্য ‘লিডিং ইউরোপিয়ান আর্কিটেক্ট’ পুরস্কারসহ দেশি-বিদেশি অনেক সম্মাননা পেয়েছেন।