উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রক্ষণাবেক্ষণ কাজ শেষে কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম আবারো শুরু হয়েছে। শনিবার ৭ নভেম্বর দুপুর ১টায় টার্মিনালটিতে এ কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের পেট্রোবাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে। শনিবার দুপুর ২টা পর্যন্ত দেশে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ২ হাজার ৪০৮ মিলিয়ন ঘনফুট।
এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৫৮৪ মিলিয়ন ঘনফুট ও আমদানি করা এলএনজি থেকে ৮২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। বিকেল ৪টার মধ্যে এলএনজি রিগ্যাসিফিকেশনের পরিমাণ আরো বেড়ে এক হাজার ছয় মিলিয়ন ঘনফুটে পৌঁছায়।
গত ৪ নভেম্বর সামিটের এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হলে সাময়িকভাবে গ্যাসের সরবরাহ কমে যায়। পেট্রোবাংলার পূর্বঘোষণা অনুযায়ী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণের কাজ চলে।