উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে আবারও গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলে চক্রান্তকারীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো এবারও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং কোনো অপশক্তিই মানুষকে দমিয়ে রাখতে পারবে না।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, একাত্তর, নব্বই কিংবা পঁচাত্তরের ৭ নভেম্বরের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। একই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষার আহ্বান জানান তিনি।
একটি মহল আবারও দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা এবং ‘আমি-ডামি’ নির্বাচনের ব্যবস্থা চালুর পাঁয়তারা করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সেই সুযোগ আর দেওয়া হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, যে দেশের মানুষ মুক্তিযুদ্ধ, সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ঘটাতে পারে, সেই দেশের মানুষকে চক্রান্ত করে দাবিয়ে রাখা সম্ভব নয়।
নয়াপল্টনে বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। কাকরাইল, হেয়ার রোড, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মিছিলটি বিকেল সাড়ে চারটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। পুরো পথ হেঁটে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা জনতার অভিবাদনের জবাব দেন। কর্মসূচি ঘিরে পুলিশ, বিজিবি, পিজিআর ও এসএসএফের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।
শোভাযাত্রা শেষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ট্রাকের ওপর দাঁড়িয়ে দেওয়া সমাপনী বক্তব্যে সরকারপ্রধান বলেন, দেশ স্বাধীনের পর থেকেই একটি চিহ্নিত চক্র জনগণের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যাদের বারবার পরাজিত করা হয়েছে। যতদিন সার্বভৌম বাংলাদেশ থাকবে, ততদিন বিপ্লবের এই পদযাত্রা চলবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শোভাযাত্রায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।